Pabna



জাতীয় শোক দিবসের কর্মসূচেীতে অবহেলা, অধ্যক্ষসহ ২৫ শিক্ষকের অপসারণ দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সরকারী শহীদ বুলবুল কলেজে শোক দিবসের কর্মসূচী পালনে অবহেলার অভিযোগ তুলে অধ্যক্ষসহ ২৫ শিক্ষকের অপসারণ দাবীতে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। আজ  মঙ্গলবার বেলা ১২টার দিকে পাবনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী দেশবাসী গভীর শ্রদ্ধার সাথে পালন করলেও পাবনায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বুলবুল সরকারি কলেজে দায়সারা ভাবে পালিত হয়েছে। অধ্যক্ষসহ ২৫ জন শিক্ষক কলেজে আসার প্রয়োজন বোধ করেননি। মাত্র ৮ জন শিক্ষক দায়সারা ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুধু ফুল দিয়ে কর্মসুচি শেষ করেছেন।
মানববন্ধনে আরো অভিযোগ করেন, কোন আলোচনা সভা কিংবা দোয়া মাহফিলতো দূরের কথা শিক্ষার্থীদের ক্যাম্পাসে ডাকাই হয় নি। ‘জাতির পিতার এমন অবজ্ঞার বিষয়টি তদন্ত করে অধ্যক্ষসহ অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী করেন তারা। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে পাবনা জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি শিবলী সাদিক, জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক সাকিরুল ইসলাম রনি, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন বক্তব্য রাখেন। 

তবে শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে দাবী করে ছাত্রলীগ নেতাদের অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলেছেন সরকারী শহীদ বুলবুল কলেজ অধ্যক্ষ এম এ কুদ্দুস। তিনি বলেন, ঈদের ছুটির কারণে দূরবর্তী জেলার শিক্ষকগন শোক দিবসের কর্মসূচীতে অংশ নিতে পারেন নি। পারিবারিক অনুষ্ঠান থাকায় আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েই ছুটিতে ছিলাম। এছাড়া, ছুটি শেষে কলেজ খোলার পর আগামী ২৪ আগস্ট আলোচনা সভাসহ পূর্বনির্ধারিত কর্মসূচী রয়েছে।

কোন মন্তব্য নেই