Pabna



করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ৩০ জুনের আগেই পাবনা-৪ উপ-নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের উপনির্বাচন ৩০ জুনের আগেই অনুষ্ঠিত হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যেই এই সময়ের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। 
গত ২ এপ্রিল পাবনার সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 
জানা গেছে, করোনার প্রকোপ কেটে গেলে আওয়ামী লীগ থেকে নির্বাচিত পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সসদ্য শামসুর রহমান শরীফের শূন্য আসনে আগামী ৩০ জুনের মধ্যে ভোট হবে। অন্যথায় এ নির্বাচনটি দেরিতে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৩ এপ্রিল জাতীয় সংসদ সচিবালয় এই আসনটি শূণ্য ঘোষণা করে। সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আসনটি শূন্য ঘোষণা করা হয়। 
নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী আসন শূণ্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। সে অনুযায়ী, আগামী ৩০ জুন নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে করোনার জন্য সব ধরনের নির্বাচন স্থগিত রয়েছে। তাই এই নির্বাচনটিও স্থগিত কার্যক্রমের মধ্যেই রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই আসনের উপ নির্বাচনের কার্যক্রম শুরু হবে।

কোন মন্তব্য নেই