Pabna



অন্য রকম এবার ঈদ

সৈকত আফরোজ আসাদ, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
নিজে সুস্থ থাকি, সবাইকে সুস্থ রাখি কথাটি নিয়ে আমরা চলছি আজ প্রায় তিন মাস। এর কারণ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা। মহান আল্লাহ পাকের সৃষ্টি জগতে মানব সভ্যতার ইতিহাসে এতো বড় মানবিক বিপর্যয়, আর হয়েছে কিনা সম্ভবত কারো জানা নেই। সাম্প্রতিক বিশ্বব্যাপী ভয়াবহ করোনা ভাইরাস এক আতঙ্কিত দানবে রূপ নিয়ে মর্মান্তিক মৃত্যুপুরীতে পরিণত গোটা বিশ্ব। প্রায় প্রতিদিনই এতে আক্রান্ত হচ্ছে হাজারো হাজার। আর মৃত্যুবরণ করছে হাজার হাজার মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে পৃথিবীতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৫২ লাখের কাছাকাছি এবং মৃতের সংখ্যাও প্রায় ৩ লক্ষ ৩৩ হাজার। বাংলাদেশও এর বাইরে নয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা সনাক্তের পর দিন দিন বেড়ে চলছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী আজ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ২৯ হাজারের কাছাকাছি। মৃত্যুবরণ করছে প্রায় ৪ শতাধিক। আর প্রতিদিন নতুন করে গড়ে আক্রান্ত হচ্ছে প্রায় ১৫ শত জনের অধিক। আর মৃত্যু হচ্ছে ২০ জন করে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে আরো মারা যাচ্ছে প্রায় ২৫/ ৩০ জন। যা সরকারি হিসাবের বাইরে থেকে যাচ্ছে। তবে এই হিসাবের হার দিনের পর দিন বেড়ে চলছে।

এমন এক কঠিন পরিস্থিতির মাঝে পৃথিবীর মুসলমানদের অতীব গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন পবিত্র রমজানের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর। মূলত, এই দিনটি বিশ্ব মুসলিমদের জন্য হয়ে থাকে বছরের সেরা খুশির দিন। পৃথিবীর অন্য দেশের তুলনায় ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের মুসলমানদের মাঝে ঈদের আমেজের আনন্দের মাত্রা একটু বেশি। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের কারনে অন্যান্য ধর্মাবলম্বীরাও আমাদের ঈদ আনন্দের উৎসবে সামিল হয়। তাই প্রতি বছর এই বহু প্রত্যাশিত দিনকে ঘিরে যেমন আমাদের আশার শেষ থাকেনা তেমনি চাহিদা, প্রত্যাশা, প্রাপ্তির অফুরন্ত আয়োজনের মাঝে যেন ঈদ আনন্দেরও সীমা নেই। 

সংকটময় মুহুর্তে ঈদ একটু ভিন্নভাবে পালন করতে হবে। এখন আমরা যে পরিস্থিতিতে আছি আমাদের সকলের উচিত সতর্কতা থাকা। যদিও এবারের ঈদটা জাঁক জমকপূর্ণ ভাবে পালন করতে পারব না। পরিবার, প্রিয়জনদের সুরক্ষার কথা ভেবেই ঈদের অনুভূতিগুলো বাড়িতে থেকেই ভাগ করে নিব। সকলকে খেয়াল রাখতে হবে আমরা খুব দুঃসময় পার করছি। সেই সাথে এমন ভয়াবহ অবস্থায় যদি ঈদের দিন কিছু অসহায় মানুষকে সাহায্য করতে পারি তাহলে এর চেয়ে বড় আনন্দ আর কি আছে।

এখন আমরা ঘরে নিরাপদ তাই অন্য বারের মতো আনন্দের সাথে ঈদ পালন করতে না পারলেও সকলের সুস্থতা কামনা করে সাধারণ ভাবেই ঈদ পালন করবো। সবাই সুস্থ থাকি, নিরাপদ থাকি এবং দেশকে ভালো রাখতে সতর্ক হয়ে করোনাকালের ঈদ উৎযাপন করি।

-সাধারণ সম্পাদক 
পাবনা প্রেসক্লাব, পাবনা। 
জেলা প্রতিনিধি- সময় টিভি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

কোন মন্তব্য নেই