মেস মালিকদের প্রতি পাবনার সকল শিক্ষার্থীদের ৪০% মওকুফের নির্দেশ জেলা প্রশাসকের
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
কোভিড-১৯ সংকটে উদ্ভুত পরিস্থিতিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ পাবনার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেস মালিকদের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভাটি পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদের আহবানে হয়।
এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন পাবিপ্রবি’র প্রক্টর ড. প্রীতম কুমার দাস এবং মেস মালিকগণের পক্ষে পাবনা মেস মালিক সমিতির সকল প্রতিনিধিবৃন্দ।
উক্ত আলোচনায় চলতি বছরের এপ্রিল মাস হতে পাবনার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেস ভাড়া চল্লিশ শতাংশ মওকুফের এবং বকেয়া মেস ভাড়া জুন মাসের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত হয়। পাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু শিক্ষার্থীদের পাশে থাকার জন্য জেলা প্রশাসক ও মেস মালিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই