Pabna



সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বুলবুল কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সরকারী শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদুর রহমানের উপর হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শামসুদ্দিন জুন্নুনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সামসুদ্দীন জুন্নুন পাবনা পৌর এলাকার শালগাড়ীয়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে ও পাবনা শহীদ সরকারী বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। শনিবার দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে  গিয়ে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এদিকে আজ শনিবার দুপুরেও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে শহরে মানববন্ধন করেন। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিক্ষক লাঞ্চিতের ঘটনায় দায়েরকৃত মামলায় জুন্নুন এজহার ভুক্ত আসামী না হলেও ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ৬ মে পাবনা শহীদ সরকারি বুলবুল কলেজে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ২ পরীক্ষার খাতা জব্দ করেন কক্ষ পরিদর্শক বাংলা বিভাগের প্রভাষক মাসুদুর রহমান। এ ঘটনার জেরে ১২ মে কলেজ থেকে বের হওয়ার সময় কলেজের গেটে শিক্ষক মাসুদুরের উপর হামলা চালিয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। 
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বুধবার রাতে কলেজের অধ্যক্ষ এসএম আব্দুল কুদ্দুস বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার এই মামলায় দুই জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় জুন্নুনের নাম না থাকলেও সিসি টিভির ভিডিও ফুটেজে ও আহত শিক্ষক জুন্নুনকে অভিযুক্ত করেন।  
পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু জানান, ছাত্রলীগ নেতা জুন্নুন প্রভাষক মাসুদুর রহমান কে লাঞ্চিতের মামলার আসামি না হলেও শিক্ষক সমাজ জুন্নুনকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে তাকে গ্রেফতারে দাবি জানিয়েছেন। শিক্ষকদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামীলীগ  নেতৃবৃন্দ তাকে আইনের হাতে সোপর্দ করেছে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিকও উপস্থিত ছিলেন বলে তিনি জানান। 
প্রসঙ্গত, গত ১২ মে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনে বাধা দেয়ায় সরকারি শহীদ বুলবুল কলেজের প্রভাষক মাসুদুর রহমানকে কলেজের মূল ফটকে মারধোর করে ছাত্রলীগ কর্মীরা।  এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দার ঝড় ওঠে।

কোন মন্তব্য নেই