Pabna



নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক-১৮ ভ্রাম্যমান আদালতে সাজা

বিশেষ প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
মা ইলিশ মাছ রক্ষায় পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুরের পদ্মা ও যমুনা নদীতে মৎস্য অধিদপ্তরের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকার করায় ১৮ জন জেলেকে আটক করেছে। এদের মধ্যে ১৫ জনকে ভ্রাম্যমান আদালতে সাজা ও তিন জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের হয়েছে। এ সময় জব্দ করা হয় ইলিশ মাছ ও কারেন্ট জাল। 

পুলিশ জানায়, জেলা মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেনের নেতৃত্বে বেড়া উপজেলার আমিনপুরের ঢালার চর, কাজিরহাট, নটাকোলা, সুজানগর উপজেলার সাতবাড়িয়া, মালিফা, হাসেমপুর এলাকার পদ্মা ও যমুনা নদীতে শনিবার দিনভর অভিযান চালায় পুলিশ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। 

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ শিকার করার দায়ে ১৮জন জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলো, মানিকগঞ্জ জেলার আরিচার ছোট বোয়ালী গ্রামের আফজাল প্রামাণিক (৪০), একই জেলার শিবালয় উপজেলার খালপাড়ার জাহাঙ্গির (৩০) একই উপজেলার অন্যায়পুর গ্রামের আঃ সাত্তার (৩৩), চরবোস্টমি গ্রামের আনিছ (২৭), রাজবাড়ী জেলার গলদ থানার তেনাপচা গ্রামের জহুরুল (২২), একই জেলার দোলদিকৃষ্ণপুর গ্রামের মাসুদ শেখ (২৩), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হরিনাথপুর গ্রামের অসিম (২২), একই জেলার চৌহালীর উমরপুর গ্রামের আঃ হালিম (৪০), বাওশা গ্রামের সোরমান (২০), বেড়া উপজেলার আমিনপুর থানার চরকল্যানপুর গ্রামের আবু সামা মন্ডল (৩০), রিকাব আলী শেখ (৪৫), সাকিব সরদার (২৫), বিল্লাল (২০) ও চাদঁ আলীকে আটক ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন আটককৃতদের প্রত্যককে ২০ দিনের করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। অপর দিকে সুজানরে মালিফা গ্রামের আটককৃত কুতুব উদ্দিন (১৮) হাফিজুর মন্ডল (১৯) ও ওমর ফারুক মন্ডলের বিরুদ্ধে সুজানগর থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে। 

অভিযানে জব্দকৃত ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও এক মণ ইলিশ মাছ এতিম খানায় বিতরন করা হয়। 
সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পাদ। এই সম্পদ রক্ষায় “মা ইলিশ রক্ষা করুন ইলিশ সম্পদ বৃদ্ধি করুন” এই শ্লোগানকে সামনে রেখে ইলিশের প্রজনন মৌসুম চলছে। গেল ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা, পরিবহন, খাওয়া ও মজুদ করা সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারী এই  নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে পাবনার পুলিশ সুপার শেখ ররিকুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর নির্দেশে জেলা মৎস্য কর্মকর্তাদের সহায়তায় পুলিশী অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। 

কোন মন্তব্য নেই