রূপপুর পারমাণবিক প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্টে রাশিয়ান শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রীন সিটিতে বিদ্যুৎস্পৃষ্টে রাশিয়ান নাগরিক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত জেলেস্কি ভাটজিম (৩৪) নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ট্রেট রোশিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, প্রকল্পের গ্রীন সিটির ৩নং ভবনের ১৪ তলায় তিনি বসবাস করতেন। শনিবার সকাল ৮টার দিকে পাশের ফ্ল্যাটের একজন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে।
ফ্ল্যাটের ডাইনিংয়ের কমন স্পেসের সঙ্গেই বাথরুম। বাথরুমের ফলস ছাদে রাখা গিজার থেকে ডাইনিংয়ের মেঝেতে পানি পড়ছিল। পানি পড়া বন্ধের জন্য নিজেই ফলস ছাদে মাথা ঢুকিয়ে গিজারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই