মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে নিয়ে বিব্রতকর অবস্থায় অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষ। আশ্রম কর্তৃপক্ষের দাবি, এই তরুণীকে নিয়ে তার মা আশ্রমে আশ্রয় নেয়ার পর সুযোগ বুঝে মেয়েকে রেখে পালিয়ে যায়। এরপর থেকে প্রায় ২ মাস আশ্রমের তত্ত্বাবধানেই শেকল বন্দি ভাবে মানবেতর অবস্থায় রয়েছে মেয়েটি।
পাবনা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সাধারণ সম্পাদক তাপস কুমার রায় বলেন, আশ্রমে যারা আশ্রয় নেন রেজিস্ট্রারের মাধ্যমে তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। কিন্তু এই রোগী আশ্রমে আসার পরপরই তার মা অন্য রোগীর স্বজনদের কিছু সময়ের জন্য তাকে দেখে রাখার কথা বলে পালিয়ে যায়। এ কারণে তার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তরুণী নিজে থেকে সুস্পষ্ট কোনো কথা বলতে পারে না। বিভিন্নভাবে চেষ্টা করেও তার সঠিক নাম-ঠিকানা সংগ্রহ করা যায়নি। এ ব্যাপারে তারা সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতা কামনা করেন।
তিনি আরো জানান, সারাদেশ থেকে প্রতিদিন অসংখ্য মানসিক রোগী চিকিৎসার জন্য পাবনার হেমায়েতপুর মানসিক হাসপাতালে আসেন। হাসপাতালে স্থান সংকুলান সাপেক্ষে নতুন রোগী ভর্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ। যারা ভর্তি হতে পারেন না কিংবা অসময়ে আসেন তাদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষ।
গত ১২ জুন এক তরুণী মানসিক রোগীকে নিয়ে আশ্রমে আশ্রয় নেন তার মা। এক পর্যায়ে সুযোগ বুঝে মেয়েকে ফেলে রেখে তার মা পালিয়ে যায়।
বর্তমানে মেয়েটিকে শেকলে বেধে রেখেছে আশ্রম কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মেয়েটি সুষ্ঠু চিকিৎসার দাবী ও পরিবারকে খুজে তাদের নিকট হস্তান্তরের দাবী তাদের।
পাবনা সমাজ সেবা অধিদপ্তর এর প্রবেশন অফিসার পল্লব ইবনে শায়েখ বলেন, খবর পেয়ে আমরা মেয়েটিকে সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি এবং মেয়েটির পরিবারের লোকজনকে খুজে বের করার চেষ্টা করা হচ্ছে।
পানা জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির ঠিকানা খুজের বের করার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি মেয়টির নিরাপত্তাজনিত বিষয়টি নিয়ে আশ্রম কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।


কোন মন্তব্য নেই