মোটর মালিকদের আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
মজুরি বৃদ্ধির দাবিতে মোটর শ্রমিকদের পাবনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি ১২ ঘন্টা পর প্রত্যাহার করে নিলেন শ্রমিকরা। সোমবার ভোর ৬ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ধর্মঘট পালিত হয়। স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সাথে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা মোটর মালিক সমিতির এক বৈঠকে বিকেলে এই সিদ্ধান্ত নেয় তারা।
শ্রমিকদের অভিযোগ, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া মোটর মালিক গ্রুপ দীর্ঘদিন ধরে আদায় করছেন। ভাড়া বাড়ার কারণে দুরপাল্লার কোচগুলোর শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর জন্য তিন মাস ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু শুধু আশ্বাস দিয়ে বেতন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে না মোটর মালিক গ্রুপ। এ কারণে মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবনার মোটর শ্রমিকরা।
পাবনা মোটর মালিক সমিতির সভাপতি ফিরোজ আলম খান বলেন, চলমান আন্দোলন নিয়ে সোমবার বিকেল ৩টার দিকে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের উদ্যোগে মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলোচনায় শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ^াস দেয় হন মালিক পক্ষ। পরে কর্মবিরতি প্রত্যাহার করে নেন পরিবহণ শ্রমিকরা। ফলে বিকেল ৪টা পর পাবনা থেকে দেশের বিভিন্ন রুটে পরিবহন চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয় শ্রমিকরা।
এ বিষয়ে পাবনা মোটর মালিক সমিতির সহ-সভাপতি খকন মালিথা জানান, শ্রমিকরা তাদের মজুরীর কথা বলে আসছিল। তাই বলে তারা এ ধরনের ধর্মঘটের ডাক দিবে আমরা বুঝতে পারি নাই। পরে বিষয়টি নিয়ে একটি বৈঠকে সমঝোতা হলে বিকেল থেকে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।

কোন মন্তব্য নেই