Pabna



“মানবতা বিপণী” অসহায় মানুষের পাশে


বিষেশ প্রতিনিধি, পাবনামেইল টোয়েনিটফোর ডটকম:
পাবনায় অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে বেড়া উপজেলার কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ‘মানবতা বিপণী’ । তারা একটি নির্দিষ্ট জায়গায় সাইনবোর্ড সম্বলিত একটি একটি বক্স রেখেছেন। স্বচ্ছল মানুষের প্রতি সংগঠনের আবেদন “আপনাদের ব্যবহৃত জামা কাপড়, জুতা লুঙ্গি এই বক্সে জমা দিন”। আর অস্বচ্ছল মানুষ এখান থেকে তা নিয়ে চাহিদা মেটাবে” এটা তাদের একটি ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি  কাশিনাথপুর মোড়ে বাসস্ট্যান্ডের পাশে স্থাপন করা হয়  এই মানবতা বিপণির বক্স । 
স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের ব্যবহার উপযোগী অপ্রয়োজনীয় কাপড় ও জুতা-স্যান্ডেল দিয়ে শুরু করলেও এখন এলাকার অনেকেই তাদের জিনিসপত্র এই বাক্সে রেখে যাচ্ছেন। পাশাপাশি অসহায় দরিদ্ররাও নিয়ে যাচ্ছেন তাদের প্রয়োজন মতো। 
কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আলাউল হোসেন জানান, এই এলাকায় অনেক গরীব মানুষ আছেন। যাদের শীতবস্ত্র তো দূরের কথা, পড়নের কাপড়ও জোটে না। প্রায় প্রতিদিনই গরীব-অসহায় ব্যক্তিরা সাহায্যের জন্য স্কুলে আসে। তাই শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি চাই সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে এ রকম মানবতামূলক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলে দেশে কোনো অসহায় মানুষ কষ্টে থাকবে না। 

ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রতি বছর বিভিন্ন মানুষ ঢাকঢোল পিটিয়ে শীতবস্ত্র বিতরণ করে, কিন্তু অনেকেই তা পায় না। অসহায় মানুষের স্বার্থে ‘মানবতা বিপণি’ সাইনবোর্ড সম্বলিত একটি বক্স স্থাপন করা হয়েছে। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছেন যাদের বাড়িতে অব্যবহৃত অনেক পুরাতন কিংবা নতুন কাপড়, জুতা-স্যান্ডেল, থালা-বাসন থাকে যা ফেলে রেখে নষ্ট করে। সেগুলো নষ্ট না করে যদি এই বাক্সে রেখে যেতে পারেন, তবে আমরা এই বিপণী থেকে সেসব কাপড় সুন্দর করে সাজিয়ে রাখবো এবং অসহায় মানুষের প্রয়োজন অনুসারে বিনামূল্যে নিয়ে যাবে।  
কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি ডা. আমিরুল ইসলাম সানু জানান, মানবতা বিপণী সাইনবোর্ড সম্বলিত বক্স স্থাপন করার আরেকটি উদ্দেশ্য হলো- প্রথমত আমাদের শিক্ষার্থীদের সততার শিক্ষা দেয়া, দ্বিতীয়ত এলাকার মানুষকে সচেতন করা। 
কাশিনাথপুর বাজারের ব্যবসায়ী তুহিন চক্রবর্তী জানান, মানবতা বিপণী বক্সটি স্থাপনের প্রথম দিন আমরা বাড়িতে জমে থাকা শীতের কাপড় ও জুতা-স্যান্ডেল দিয়ে এসেছি। এছাড়াও পরিচিত বিত্তবানদের উদ্বুদ্ধ করেছি তারা যেন এই কাজে নিজেদের সম্পৃক্ত করেন। তবে বিষয়টি ভালোই লাগছে।  
মানবতা বিপণী সাইনবোর্ড সম্বলিত বাক্স থেকে কাপড় নিয়ে যাওয়া কয়েকজন বলেন, এমন বক্স থেকে শীতের কাপড় নিতে পেরে আমরা আনন্দিত। উচ্ছাস প্রকাশ করে কয়েকজন দুস্থরা জানান, সত্যি যারাই এমন ধরনের উদ্যোগ নিয়েছেন তারা একটি মহৎ কাজ করেছেন। এই শীতের মৌসুমে মানুষের উপকারে আসবে। দেশের সর্বত্র এমন উদ্যোগ গ্রহন করল সমাজে অসহায় মানুষের চরম উপকার হতো। 

কোন মন্তব্য নেই