ঈশ্বরদীর আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হোটেল থেকে তানভীর রায়হান (৪৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) সকালে হোটেলের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত তানভীর ঢাকার খিলগাঁও পশ্চিম রামপুর এলাকার রায়হানুল হকের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পে বিভিন্ন ব্যবসা করতেন।
পাকশী ফাাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, গত ২২ জুলাই রাতে তানভীর রায়হান পাকশী হোটেলটির দ্বিতীয় তলার ৪ নম্বর কক্ষে ওঠেন। কয়েক দিন তিনি স্বাভাবিক ভাবেই হোটেলে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে পর হোটেল কর্মচারীরা নিয়মিত কাজের অংশ হিসেবে কক্ষ পরিষ্কার করতে যান, কিন্তু এ সময় তারা কক্ষটি ভেতর থেকে দীর্ঘক্ষণ বন্ধ পান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সকাল ৯টার দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে খাটের এক পাশে বসা অবস্থায় তানভীরের মৃতদেহ পায়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তানভীর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, নানা রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায়ই তিনি ব্যবসায়িক কাজে রূপপুর পারমাণবিক বিদুুৎ প্রকল্প এলাকায় এসেছিলেন
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত করার আগে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য শুক্রবার দুপুরে মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই