Pabna



পাবিপ্রবি’র খাস কামরা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

                                    
নিউজ ডেস্ক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
গত ২৭ আগষ্ট  মঙ্গলবার কতিপয় অনলাইন নিউজপোর্টাল ও আজ বুধবার ( ২৮-৮-১৯) কয়েকটি সংবাদপত্রে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের দুইজন সিনিয়র শিক্ষককে নিয়ে মনগড়া, কাল্পনিক, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দ্যেশ্যপ্রণীত সংবাদ প্রকাশিত হয়েছে। যা আমাদের নজরে এসেছে। ব্যবসায় প্রশাসন বিভাগ সংবাদটি প্রত্যাখান করছে কারণ এতে সত্যতার লেশমাত্র নেই। 
যে কক্ষ নিয়ে অভিযোগ করা হয়েছে সেই কক্ষটি প্রথমত: বিভাগ কর্তৃক নির্মিত নয়, দ্বিতীয়ত: কক্ষটির যথাযথ ব্যবহারের জন্য পবিত্র নামাজ আদায় করা হতো এবং কখনো কখনো ক্লান্তিজনিত কারণে বিশ্রাম নেয়া হত। 
প্রকৃত সত্য না জেনে নামাজের মতো মহৎ ইবাদতের কাজ যেখানে হয় সেই কক্ষকে নোংরা জায়গা বলে অভিহিত করে সংবাদ প্রচার করার পিছনে কুরুচিপূর্ণ ও হীন উদ্দেশ্য প্রণোদিত হয়ে উঠেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। 
সংবাদে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষককে হেয় করার পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয় তথা বিভাগের মান ক্ষুণœ করা হয়েছে। এটি সর্বজনবিদিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ,শিক্ষকদের দক্ষতা ও নৈতিকতার জায়গায় ব্যবসায় প্রশাসন বিভাগ উচ্চশিখরে আসীন। 
উক্ত শিক্ষকদ্বয়ও নীতি নৈতিকতা ও পিতৃত্বসুলভ আচরনে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সর্বত্র সর্বজনের কাছে শ্রদ্ধেয়। এই বিশ্ববিদ্যালয় মাত্র একটি একাডেমিক ভবনে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে। এখানে সার্বক্ষনিক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের পদচারনায় মুখর থাকে। 
এই পবিত্র শিক্ষাঙ্গনে যৌন হয়রানির মতো নোংরা অভিযোগ তোলার পিছনে আমরা মনে করি নোংরা শিক্ষক রাজনীতি ও বিশ্ববিদ্যালয় বিরোধী একটি কুচক্রি মহল তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিশৃংখল পরিস্থিতি তৈরী করেছে। আমরা এর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই।
আমরা মনে করি, এই সংবাদ প্রকাশের পূর্বে অবশ্যই সম্মানিত সাংবাদিকদের যথাযথ তদন্ত করে নিরপেক্ষ বস্তুনিষ্ট মানসিকতার মনোভাব নিয়ে তথ্য সংগ্রহ করা উচিত ছিল। যা আমরা দেখতে পারি নাই। এখানে গণমাধ্যমের  দায়িত্বশীল আচরনের অভাব দেখেছি আমরা। আমরা আশাকরি গণমাধ্যম তার যথাযথ দায়িত্বশীল বস্তুনিষ্টতার পেশাগত দায়িত্বের জায়গা থেকে এই প্রতিবাদ প্রকাশ করবে। ব্যবসায় প্রশাসন বিভাগের আজকের একাডেমিক কমিটির সভায় সম্মিলিতভাবে বিভাগের সকল শিক্ষক এ সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

কোন মন্তব্য নেই