ঈশ্বরদীতে দৌড়ে পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
ঈশ্বরদীর রেলওয়ে ক্রসিং দৌড়ে পার হতে গিয়ে আব্দুর রশিদ (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিনমজুর রশিদ ঈশ্বরদী উপজেলার পার্শ্ববর্তী লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
রেলওয়ের পাকশী অফিসের ট্রেন কন্ট্রোলার শহিদুল ইসলাম প্রিন্স জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে রাজশাহীগামী যাত্রীবাহী ৭১৫ আন্তঃনগর ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদীর রেলগেট ক্রস করছিল। এ সময় ট্রেনের সামনে দিয়ে দৌড়ে পার হতে গিয়ে এক দিনমজুর ট্রেনের নিচে কাটা পড়ে যায়। পরে স্থানীয় রেলওয়ে কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেয়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে এক হাত ও এক পা বিচ্ছিন্ন অবস্থায় দ্রুত ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ওই ব্যক্তি মারা যান।

কোন মন্তব্য নেই