ভাঙ্গুড়ায় পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
ভাঙ্গুড়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ভাঙ্গুড়ায় জেএসসি জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ফেল (অকৃতকার্য) হওয়ায় সুমি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাতে ওই ছাত্রী তার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত শিক্ষার্থী উপজেলার বড় বিশাকোল গ্রামের আব্দুল হামিদের মেয়ে ও ছোটবিশাকোল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা জানান, নিহত শিক্ষার্থী সুমি ওই বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। ফলাফল খারাপ হওয়ায় রাতে খাবার খাওয়ার পর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেয় সে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, বিষয়টি দুঃখ জনক, তবে এই বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
কোন মন্তব্য নেই