শিমুল বিশ্বাসের হলফনামায় ১৪ পাতার ১১ পাতাই মামলার কথা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের হলফনামার ১৪ টি পতার মধ্যে ১১টি পাতাতেই মামলার বিবরণ উল্লেখ করা হয়েছে। গত কয়েক বছরে তার বিরুদ্ধে ১শত ১১টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এসব মামলার বিবরণ দিতেই তার হলফনামার পৃষ্ঠা সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
হলফনামায় উল্লেখ করা তথ্য মতে, ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশের বিভিন্ন থানায় ও আদালতে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মোট ১শত ১১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৬২টি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে, একটি মামলার আংশিক স্থগিত রয়েছে, ২০টি বিচারাধীন, ২৫টি তদন্তাধীন ও ৩টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করা হয়।
এমন অবস্থায় পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শিমুল বিশ্বাস নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেন কীনা জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, যেহেতু কোনো মামলার রায়ে তিনি সাজা প্রাপ্ত বা দোষী সাব্যস্ত হননি, সেক্ষেত্রে তার নির্বাচনে অংশ গ্রহনে কোন বাধা নেই। আবার তার মনোনয়নপ্রত্রটিও বৈধ, সেখানে তার ক্ষেত্রে কোন বাধা নেই।
এ ব্যাপারে জেলা যুবদলের সাধারন সম্পাদক হিমেল রানা বলেন, শিমুল বিশ্বাস পাবনার গনমানুষের নেতা। সে সব সময় পাবনায় পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। তিনি সব সময় পাবনার মানুষের কল্যাণে কাজ করেন। তারপরেও গত ৫ বছরে রাজনৈতিক প্রতিহিংসার কারনেই এতোগুলো মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। আশা করি সব মামলা থেকেই তিনি বেকসুর খালাস পাবেন।
শিমুল বিশ্বাসের হলফনামায় আরো যে সব তথ্য উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শিমুল বিশ্বাসের স্থাবর অস্থাবর তেমন কোনো সম্পদ নেই। নগদ ও ব্যাংকে জমা মিলিয়ে রয়েছে ৬৫ লাখ ৬১ হাজার ৯শত ৮৭ টাকা। চাকরি থেকে বছরে আয় করছেন ১৩ লাখ ২০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে আরও আছে ২০ তোলা স্বর্ণ, টিভি, ফ্রিজ ও ১ লাখ ৫০ হাজার টাকা দামের একটি ২২ বোর পিস্তল।

কোন মন্তব্য নেই