চাটমোহরে চোর দলের কাভার্ডভ্যান চাপায় নিহত ১
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার চাটমোহরে মহিষ চুরি করে পালানো চোরের দলকে ধরার চেষ্টাকালে কাভার্ডভ্যানের চাপায় আলহাজ্ব রব্বান আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত রব্বান আলী জেলার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
বিলচলন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম জানান, বুধবার ভোর রাত চারটার দিকে উপজেলার চড়ইকোল গ্রামের জামাল প্রামানিকের ছেলে এরশাদ আলীর বাড়ি থেকে একটি মহিষ চুরি করে কাভার্ডভ্যানে নিয়ে নিয়ে পালাচ্ছিল চোরের দল। স্থানীয়রা টের পেয়ে রব্বান আলীসহ এলাকাবাসী রাস্তায় দাঁড়িয়ে কাভার্ডভ্যান থামানোর চেষ্টা করে। এ সময় গাড়ি না থামিয়ে এলাকাবাসীর উপর দিয়ে চালিয়ে দেয় চালক। রাস্তা থেকে অন্যরা দ্রুত সরে যেতে পারলেও রব্বানকে চাপা দিয়ে পালিয়ে যায় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই রব্বান আলীর মৃত্যু হয়।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থান পরির্দশন করেছে। কাভার্ডভ্যানটি সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই