সাঁথিয়ায় এসএসসি ব্যবহারিক পরীক্ষায় অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ
সাঁথিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ডি (৩২৩) সচিব আজিবর রহমান এর বিরুদ্ধে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, সাঁথিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা প্রায় ১১শত পরীক্ষার্থী সাঁথিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দেয়। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৮শত ও অন্যান্য বিভাগে ৩ শত পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের ব্যবহারিক পরীক্ষার জন্য ওই কেন্দ্রে গেলে কেন্দ্র সচিবের নির্দেশে বিধি বহির্ভুতভাবে বিজ্ঞান বিভাগের প্রত্যেকের নিকট থেকে ১১০ টাকা করে অতিরিক্ত ফি আদায় করেন। এতে প্রায় ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আজিবর রহমান।
শিক্ষার্থীরা জানায়, তাদেরকে পূর্ণনম্বর পাইয়ে দেবার কথা বলে কেন্দ্র সচিব তাদের নিকট থেকে ১১০ টাকা দিতে বাধ্য করে।
সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দিতে আসা একাধিক শিক্ষার্থীরা নাম প্রকাশ না করার শর্তে জানায়, ব্যবহারিক পরীক্ষা বাবদ তাদের কাছ থেকে ১১০ টাকা নেওয়া হয়েছে। টাকা না দিতে চাইলে ব্যবহারিক পরীক্ষায় নম্বর কম দেওয়ার হুমকি দেন শিক্ষকরা।
এ ব্যাপারে সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, শেষ হয়ে যাওয়া এসএসসি ব্যবহারিক পরীক্ষায় পূর্ণমার্ক দেয়ার নামে পরীক্ষার্থীদের নিকট থেকে কোন টাকা নেয়া হয় নাই।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ব্যবহারিক পরীক্ষার খাতা দেখা বাবদ অতিরিক্ত ফি নেওয়ার কোন নিয়ম নাই।

কোন মন্তব্য নেই