Pabna



দলমত নির্বিশেষে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে-পাবনায় দুলু

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার। সকলকে ঐক্যবদ্ধভাবে জনগনকে সাথে নিয়ে আন্দোলন ও সংগ্রাম গড়ে তুলতে হবে। রাজপথে আন্দোলন সংগ্রাম ছাড়া বেগম জিয়ার মুক্তিসহ দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই সংগঠনকে বেগবান করে মানুষের মুক্তির লড়াইকে ত্বরান্বিত করতে হবে। সরকারের জুলুমবাজি বন্ধ না হলে অচিরেই দেশবাসীকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুুলু। তিনি শনিবার পাবনা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভায় বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, বিএনপি একটি বড়দল হওয়ায় দলের অভ্যন্তরে মতভেদ বা মত পার্থক্য থাকতেই পারে। এখন আমাদের সকলকে সব মতভেদ ভুলে দলমত নির্বিশেষে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বর্তমান সরকার অবৈধ ভাবে ভোট কারচুপি করে দেশ পরিচালনা করছেন, যা ইচ্ছে খেয়াল খুশি মতো দেশ পরিচালনা করছেন। বিভিন্ন গুজবের অপপ্রচার চালিয়ে শেয়ার বাজার থেকে একদিনেই হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হলেও দেশের জনগনের বিষয়টি মাথায় রাখছেন না। সম্প্রতি দেশে যে সব গুজব চলছে তা এই সরকারেরই সৃষ্টি বলেও মন্তব্য করেন তিনি।  
শনিবার দুুপুরে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. শাহিন শওকত, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, হাবিবুর রহমান তোতা, এ্যাডভোকেট মাসুদ খন্দকার, আলহাজ্ব তৌফিক হাবিব, মাহমুদুন্নবী স্বপন, পুর্ণিমা ইসলাম প্রমুখ। 
সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। 

কোন মন্তব্য নেই