চাটমোহরে শিশু অপহরণের সময় হাতেনাতে স্বামী-স্ত্রী আটক
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার চাটমোহরে এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতা হাতেনাতে স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর বাজারে। আটককৃতরা হলো: যশোরের শার্শা উপজেলার দিনাকোনা গ্রামের মোঃ সালাহ উদ্দিন (২৫) ও তার স্ত্রী মোছাঃ আঁখি খাতুন (২১)। পরে গতকাল বৃহস্পতিবার চাটমোহর থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর গ্রামের আশরাফ আলীর স্ত্রী শাহিদা খাতুনের দায়েরকৃত মামলার এজহার থেকে জানা গেছে, দুইদন আগে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সালাহ উদ্দিন ও তার স্ত্রী আখি খাতুন উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর গ্রামে আশরাফ আলীর বাড়িতে বেড়াতে আসে। পরে বুধবার বিকেলে আশরাফ আলীর ৭ মাসের শিশু আরিফ হোসেনকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটির কান্নাকাটিতে মির্জাপুর বাজার এলাকার লোকজনের সন্দেহ হলে শিশুসহ তাদের আটক করেন স্থানীয়রা। পরে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে তাদের সোপর্দ করেন তারা।
বৃহস্পতিবার সকালে চাটমোহর থানায় তাদের পাঠানো হয় এবং এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ আটককৃত স্বামী-স্ত্রীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
মামলার বাদী শাহিদা খাতুন বলেন, ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সুবাদে আঁখির সঙ্গে তার পরিচয় হয়। এরই সূত্র ধরে তারা আমাদের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার আমাদের অগোচরে আমার ছেলেকে আপহরণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের ধরে পুলিশে দেন। পরে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয় বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই