পাসপোর্টের রাজস্ব আদায় বৃদ্ধি পাবনায়
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বিগত ২০১৭-১৮ অর্থ বছরের তুলনায় গত অর্থ বছরে পাবনা আঞ্চলিক পাসপোর্ট দফতরের রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। গত ২০১৮-১৯ অর্থ বছরে দফতরটির রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার ৮৩৩ টাকা। যা বিগত বছরের তুলনায় ৬৪ লাখ টাকা বেশী। আর এ জন্য ২৯ হাজার ৯৮৪ টি পাসপোর্ট ইস্যু করতে হয়েছে দফতরটিকে। সততা, নিষ্ঠা ও গ্রাহক সেবার মান বৃদ্ধির কারনে এ রাজস্ব আদায় হয়েছে বলে জানান একাধিক সেবা গ্রহন কারীরা।
পাবনা ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান বাবলা, দড়িভাউডাঙ্গা গ্রামের রুনা আখতারসহ সহ আগত বেশ কয়েকজন পাসপোর্ট সেবা গ্রহনকারীদের সাথে আলাপ করে জানা যায়, অতীতের চেয়ে পাসপোর্ট সেবা গ্রহন সহজ হয়েছে। দালালদের তেমন একটা দৌরাত্ব নেই। তবে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় কিছু দালাল মুল রাস্তায় থেকে বিরক্ত করে। গ্রাম থেকে আগতদের কাগজপত্র কেড়ে নেবার চেষ্টাও করে। অফিসের চত্বরে দালালের আনাগোনা কম পরিলক্ষিত হয়েছে। কোন কাজে বা কাগজপত্রে ত্রƒটি হলে উর্দ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সহজেই সমাধান পাওয়া যাচ্ছে।
পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. ইউসুফ জানান, ২০১৭-১৮ বছরে পাবনা জেলায় ১১ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৫৯০ টাকা সরকারী রাজস্ব আয় করা হয়েছিল। আর এ জন্য মোট ২৯ হাজার ১৬৯টি পাসপোর্ট ইস্যু করা হয়েছিল। যার ভেতর অফিসিয়াল ২৮৫ টি, জরূরী ৪ হাজার ৭৬৩ টি ও সাধারন ২৪ হাজার ১২১ টি সহ মোট ২৯ হাজার ১৬৯টি পাসপোর্ট ইস্যু করা হয়। গত ২০১৮-১৯ অর্থ বছরে ১১ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার ৮৩৩ টাকা সরকারী রাজস্ব আয় করে কোষাগারে জমা দেয়া হয়েছে। আর এ জন্য জেলাতে মোট ২৯ হাজার ৯৮৪টি পাসপোর্ট ইস্যুর করা হয়েছে। যার ভেতর অফিসিয়াল ২৩১টি, জরূরী ৫ হাজার ৩০৫টি ও সাধারন পাসপোর্ট ইস্যু করা হয়েছে ২৪ হাজার ৪৪৮টি।
দালালদের দৌরাত্ব সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, অফিসে সিসি ক্যামেরা লাগানোর পর দালালদের দৌরাত্ব অফিস চত্বরে কমেছে। রাস্তায় কোন অপ্রীতিকর ঘটনা বা দালালদের খপ্পরে কোন সেবা গ্রহনকারী পড়লে পাসপোর্ট কর্তৃপক্ষের কিছু করার থাকে না। সেখানে আইন শৃংখলা বাহিনী ভুমিকা রাখতে পারেন।

কোন মন্তব্য নেই