পাবনায় ভূমিমন্ত্রী সমর্থকদের বিরুদ্ধে নৌকার শোভাযাত্রায় হামলার অভিযোগ
পাবনা প্রতিনিধিঃ পাবনা-৪
(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আব্দুল আলীমের
শোভাযাত্রায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সমর্থক
সন্ত্রাসীরা এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন শোভাযাত্রায় অংশ নেয়া আওয়ামীলীগের
স্থানীয় নেতাকর্মীরা। আজ বৃহঃস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরের এ ঘটনায় সন্ত্রাসীরা
দুটি গাড়ি ভাংচুর করে। এ সময় আব্দুল আলীমের সমর্থকদের ব্যপক মারপিট করে আহত করে
তারা।
বাংলাদেশ আওয়ামীলীগের
কেন্দ্রীয় পরিষদের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী আব্দুল আলীম জানান, বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে আগামী নির্বাচনে
নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে
আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। সে ধারাবহিকতায় বৃহঃস্পতিবার শেরশাহ রোড থেকে
আমরা শোভাযাত্রা বের করি। শোভাযাত্রায় জেলা আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও এ বিপুল
সংখ্যক স্থানীয় জনগণ অংশ নেন। আমাদের শোভাযাত্রা ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের
সামনে আসা মাত্র ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সমর্থক একদল সন্ত্রাসী
শোভাযাত্রায় বাধা দিয়ে আমাকে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করে। এ সময় আমার সমর্থকরা
এগিয়ে আসলে তারা লাঠি ও রড দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। এতে আব্দুল আজিজ,মোঃ আরিফসহ কমপক্ষে দশ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে পাবনা
জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শোভাযাত্রায় অংশ নেয়া পাবনা
পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সদস্য লিখন হোসেন জানান, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে আমরা শোভাযাত্রা বের করি।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের প্রশ্রয়ে থাকা,হাইব্রিড
নেতারা আমাদের গাড়িতে হামলা করেছে। আমরা এ ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির
দাবী করছি।
সরকারের সাফল্য প্রচারের
শোভাযাত্রায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক
সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না। তিনি বলেন, সরকারের উন্নয়নের
বার্তা তৃণমূল জনগণের নিকট পৌছে দিতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সবাই মাঠে
নেমেছেন। মনোনয়ন কে পাবেন তা দলের হাইকমান্ড নির্ধারণ করবে। তাই বলে নৌকায় ভোট
চেয়ে বের হওয়া শোভাযাত্রায় হামলা কোনমতেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রকৌশলী আব্দুল আলিমের শোভাযাত্রায় হামলার বিষয়ে পুলিশ অবগত নয়। এ ধরণের
কোন অভিযোগও পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া
হবে।


কোন মন্তব্য নেই