বিএনপি নেতা ও মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু নিখোঁজ
ঈশ্বরদী প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু নিখোঁজ হয়েছেন বলে দাবী করেছেন তার পরিবারের সদস্যরা। সোমবার দুপুরের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পিন্টুর মুঠোফোনও বন্ধ রয়েছে বলে দাবী পরিবারের।
জাকারিয়া পিন্টু আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘড়িয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে দলের মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর ছোট ভাই ঈশ্বরদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল বলেন, ঢাকা মিরপুরের মনিপুর এলাকায় স্বপরিবারের ভাড়া করা একটি বাড়িতে তিনি বসবাস করতেন। বাসা থেকে গত সোমবার দুপুর ২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি আরো দাবি করেন, পরিবারের পক্ষ থেকে পুলিশ, র্যাব ও ডিবি অফিসে সন্ধান করা হয়েছে। তারা পিন্টুকে আটকের বিষয়ে তথ্য দিতে পারেনি। কিন্তু কোথাও তাকে আমরা খুজে পাচ্ছি না।
জাকারিয়া পিন্টু নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার ও দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম।
তারা বলেন, জাকারিয়া পিন্টু তৃণমূলে অনেক জনপ্রিয় নেতা। দিনে-দুপরে তার নিখোঁজ হয়ে যাওয়া সত্যিই মেনে নেয়া যায় না। আমরা আইন শৃংখলা বাহিনীর কাছে তাকে দ্রুত সুস্থভাবে পরিবারের কাছে ফেরত দেয়ারও দাবি জানাচ্ছি।

কোন মন্তব্য নেই