Pabna



ঈশ্বরদীতে পুলিশ ও ডাকাতের গুলাগুলি ২ ডাকাত গুলিবিদ্ধসহ আহত ৭


ঈশ্বরদী প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদীতে ডাকাত দলের সাথে পুলিশের গুলাগুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ ও ডাকাতদের নিক্ষিপ্ত হাতবোমায় ৫ পুলিশ সদস্যসহ সাত জন আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে  আটক করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে ৫ পুলিশ সদস্যও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সোমবার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভাড়ইমারি এলাকায় এই ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, বেশ কিছুদিন ধরে পাবনার ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় সংঘবদ্ধ ডাকাত চক্রের উপদ্রপ বেড়ে যায়। ডাকাত দলের সদস্যরা বিভিন্ন বাসা বাড়িতে ডাকাতি করে আসছিল। ডাকাতি প্রতিরোধে পুলিশের চলমান অভিযানের মধ্যেই আন্তঃজেলা ডাকাত চক্র ঈশ্বরদীর ভাড়ইমারী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে, ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। এ সময় আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতদলের সদস্যরা পিছু নেয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হল ঈশ্বরদীর আওতাপাড়া এলাকার মোজাম্মেল মল্লিকের ছেলে ফারুক (২৩)  এবং চুয়াডাঙ্গা জেলার গোগাইল এলাকার ফজলু মন্ডলের ছেলে মফিজুল ইসলাম (৩০)। ডাকাত দলের নিক্ষিপ্ত হাতবোমায় আহত হয় পাঁচ পুলিশ সদস্য। তারা হলেন, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, এসআই ইব্রাহীম হোসেন, কনস্টেবল গৌতম রায়, মোজাম্মেল হক ও শামিউল ইসলাম। আহত পুলিশ সদস্যদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বলেও জানান ওসি। 
পুলিশ ঘটনাস্থল থেকে হাতবোমার খোসা, চাইনিজ কুড়ালসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। পরে আহত দুই ডাকাতকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ডাকাতচক্রের অপর সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি। 

কোন মন্তব্য নেই