সুজানগরের হাসেমপুরে গ্রেফতারের পর বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, অস্ত্র-গুলি উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম গেদা ওরফে গেদালাল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসেমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওরফে গেদালাল উপজেলার নরসিংহপুর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে।
পুলিশের দাবি, নিহত সাইফুল আন্ত:জেলা ডাকাতদলের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে পাবনা ও মানিকগঞ্জ থানায় কয়েকটি মামলা রয়েছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দু সরকার জানান, মঙ্গলবার (০৯ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে ডাকাত সদস্য সাইফুল ইসলাম গেদালালকে আটক করে সুজানগর থানা পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রাত আড়াইটার দিকে অভিযানে যায় পুলিশ।
উপজেলার হাসেমপুর ঈদগাহ মাঠের সামনে পৌঁছামাত্র উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তার সহযোগী ডাকাত সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইফুল ইসলাম ওরফে গেদালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দু’টি গুলি খোসা, একটি হাসুয়া, একটি ড্যাগার, একটি কিরিচ, একটি প্লাস, দু’টি টর্চলাইট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ৩ পুলিশ সদস্য এসআই মিনারুল ইসলাম, কনস্টেবল আমজাদ ও কনস্টেবল নুরুল ইসলাম আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই