Pabna



পাকশীর মুক্তিযোদ্ধা সেলিম হত্যার বিচার দাবীতে ঈশ্বরদীতে রেলপথ অবরোধ, বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার রূপপুরে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার বিচার দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। আজ সোমবার সকাল ১১ টা থেকে ঈশ্বরদী রেলওয়ে জংশনে এ কর্মসূচী পালন করেন তারা। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস প্রায় আধাঘন্টা আটকে পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

বিক্ষোভে অংশ নেয়া মুক্তিযোদ্ধারা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভূমি অধিগ্রহণের অর্থ বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় গত ৬ ফেব্রুয়ারী নিজ বাড়ির গেটে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমকে। ঘটনার প্রায় পাঁচ মাস কেটে গেলেও পুলিশ মামলার অভিযোগপত্র দিতে পারেনি। হত্যাকান্ডে জড়িত সন্দেহে পাকশী ইউপি চেয়ারম্যান এনাম বিশ্বাসের ভাতিজা আরজু বিশ্বাসকে অস্ত্রসহ গ্রেফতার করলেও, অজ্ঞাত কারনে পুলিশ আর কোন আসামীকে গ্রেফতার করেনি। আরজু বিশ^াসও জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে।
দ্রুততম সময়ে মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান মুক্তিযোদ্ধারা। অন্যথায়, কঠোর আন্দোলন কর্মসূচীর হুশিয়ারীও দেন তারা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা চান্না মন্ডল, ফজলুর রহমান ফান্টু, হাবিবুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ঈশ্বরদী উপজেলা পরিসদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া কাকলী, পৌর আওয়ামীলীগ সভাপতি ইছাহক মালিথা ও নিহত মুক্তিযোদ্ধা সেলিমের ছেলে তন্ময় বক্তব্য রাখেন।

মুক্তিযোদ্ধা চান্না মন্ডল বলেন, রূপপুরের প্রতিটি মানুষ জানে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার সাথে কারা জড়িত। এ ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার হওয়া আরজু বিশ^াসের পিস্তল থেকেই গুলি করা হয়েছে বলে ব্যালিস্টিক পরীক্ষায় প্রমাণ হয়েছে বলে পুলিশ বক্তব্য দেবার পরও, সে জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মুক্তিযোদ্ধাদের জন্য স্বাধীন দেশে এর চেয়ে, লজ্জার অপমানের আর কি হতে পারে।

পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম বলেন, রূপপুর প্রকল্পে ভূমি অধিগ্রহণে দূর্ণীতির প্রতিবাদ করায়, একটি চক্র টাকা দিয়ে তার মুখ বন্ধ করতে চেয়েছিল। সেলিম তাদের ফিরিয়ে দিয়ে সাধারণ কৃষকদের জন্য আন্দোলনে নেমেছিল, এ কারণেই তাকে হত্যা করা হয়েছে। পুলিশ সুপার বার বার আশ^াস দিলেও মামলায় কোন অগ্রগতি হচ্ছে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই।
প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেয়া ঈশ^রদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাহক মালিথা বলেন, কেবল মুক্তিযুদ্ধ নয়, ঈশ^রদীতে আওয়ামীলীগের রাজনীতিতে মুস্তাফিজুর রহমান সেলিমের ত্যাগ, অবদান রয়েছে। তাকে হত্যার পর পাঁচ মাসেও মামলার অগ্রগতি না হওয়া রহস্যজনক। অবিলম্বে, হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় না আনা হলে ঈশ^রদীতে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি রাতে পাবনার রূপপুরে নিজ বাড়ির সামনে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করে হত্যা করা হয়। পর দিন ৭ ফেব্রুয়ারি রাতে নিহতের ছেলে তানভীর রহমান তন্ময় বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।

কোন মন্তব্য নেই