Pabna



সাঁথিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, হোটেল বয় আটক

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরে হোটেল কর্মচারী (বয়) আব্দুল্লাহর (১৯) বিরুদ্ধে নিজ কমস্থলের নারী বাবুর্চির শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মেয়েটি স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। 
সোমবার (২ সেপ্টেম্বর) মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করেন। পরে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাবনা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবদুল্লাহকে গ্রেফতার করেছে।  
৫ আগস্ট তারিখের  ওই ঘটনায় স্থানীয় প্রভাবশালীরা এত দিন ধরে মীমাংসার কথা বলে সময় ক্ষেপণ করিয়েছে বলে মেয়েটির মা জয়নাব খাতুন থানায় দায়ের করা অভিযোগে জানিয়েছেন। অভিযুক্ত আবদুল্লাহ উপজেলার পাইকরহাটি মহল্লার মো. বাবুর ছেলে। 

লিখিত অভিযোগে জানা গেছে, নির্যাতিত মেয়ের মা একটি রেস্টুরেন্টে রান্নার কাজ করেন। ঘটনার দিন মেয়েকে সঙ্গে করে নিয়ে তিনি হোটেলে আসেন। কাজের এক ফাঁকে হোটেল বয় আব্দুল্লাহ তার শিশুকন্যাকে ফুঁসলিয়ে হোটেলের দোতলায় নিয়ে যায় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে তিনি তার মেয়েকে দোতলায় খুঁজে পান। এ সময় তার মেয়ে জানায়, তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আবদুল্লাহ নির্যাতন চালিয়েছে। 

অভিযোগে মেয়েটির মা আরও জানান, এ ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রভাবশালী শোনার পর তারা এর একটি মীমাংসা করবেন বলে তাকে থানায় অভিযোগ দিতে নিষেধ করেন। এ সময় নির্যাতিতা শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা করানো হয়। 
দীর্ঘদিনেও স্থানীয়দের কাছ থেকে কোনো বিচার না পেয়ে শিশুটির মা  সোমবার থানায় মামলা দায়ের করেছেন। 
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, থানায় অভিযোগ দায়েরের পর মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাবনা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষককে মঙ্গলবার সকালে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই