দাশুড়িয়া মিল গেটে আখ চাষিদের বকেয়া টাকার দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় আখ চাষিদের বকেয়া টাকার দাবীতে পাবনা চিনিকলের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার দুুপরে আখচাষি কল্যাণ সমিতির পাবনা শাখা এবং বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের উদ্যোগে এই সমাবেশ করা হয়।
চিনিকলের আখচাষি প্রতিনিধিরা সামাজিক দূরত্ব বজায় রেখে সমাবেশে অংশ নিয়ে তাদের ৭ দফা দাবি তুলে ধরেন। অনেক চাষি নিরাশ হয়ে মিল গেটে কান্নায় ভেঙে পড়েন। পরে তাদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেন।
পাবনা-ঢাকা মহাসড়কের পাশে চিনিকলের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও আখচাষি সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও আখচাষি কল্যাণ সমিতি পাবনা সুগার মিলস্ লি. এর সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী বাদশা, আখচাষি কল্যাণ সমিতি পাবনা সুগার মিলস্ লি. এর সাধারণ সম্পাদক আনছার আলী ডিলু, আমজাদ হোসেন মালিথা, মাহাতাব উদ্দিন মোল্লা, হাসান আলী, পাসুমি’র ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহীন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পাবনা চিনিকলের আখ চাষিদের বকেয়া প্রায় ২০ কোটি টাকা। আর দেশের ১৫টি চিনি কলে আখ বিক্রির পর তাদের পাওনা প্রায় দু’শ কোটি টাকা।
তারা জানান, করোনা সংকটে আজ তারা অনেকেই কর্মহীন। এদিকে তাদের দীর্ঘ ১৬ মাসের ফসল আখ বিক্রি করে ৪ মাস ধরে তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। জনদরদি প্রধানমন্ত্রী প্রায় ১লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ প্রোগ্রাম ঘোষণা করেছেন। চাষিদের ব্যাংক ঋণের সুদ মওকুফের কথা বলেছেন। অথচ দেশের এই মহাসংকটের সময় প্রায় ৫ লাখ আখচাষি এসব সুবিধার বাইরে। তারা এখন মানবেতর জীবন যাপন করছে।

কোন মন্তব্য নেই