Pabna



ঈশ্বরদীতে আ’লীগের দুই নেতাকে মারধরের ঘটনায় প্রধান আসামীসহ গ্রেফতার ২

ঈশ্বরদী প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম গোলবার (৫৫) ও সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবকে (৬০) কে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী শফিকুল ইসলাম ও আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুইজন ঈশ্বরদী শহরের আমবাগান এলাকার বাসিন্দা ও স্থানীয় যুবলীগের কর্মী। 

রবিবার (১০ মে) গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ফরিদপুর থেকে এদের গ্রেফতার করে পুলিশ। 

এর আগে গত বৃহস্পতিবার (৭ মে)  গোলবার হোসেন বাদী হয়ে ৬জনকে আসামী করে ঈশ্বরদী  থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, শহরের আমবাগান এলাকার ছইমুদ্দীনের ছেলে শফিকুল ইসলাম, মৃত ফরহাদ হোসেনের ছেলে আলমগীর হোসেন, আফছার আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন, বাঙালের ছেলে নুরুজ্জামান, বজলুর ছেলে জনি ও ছইমুদ্দীন। 

শফিকুল ও আলমগীরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী।  

উল্লেখ্য,  গতকাল (৬ মে)সকাল ১১টায় ঈশ্বরদী পৌর মার্কেটের সামনে দৈনিক সবজি বাজারে আলমগীর হোসেন ও শফিকুল ইসলাম নেতৃত্বে একদল  যুবলীগ কর্মী আওয়ামী লীগ নেতা গোলবার হোসেনকে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় গোলবার হোসনকে রক্ষা করতে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।  আহত গোলবার হোসেন ও হাবিুবর রহমানকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

কোন মন্তব্য নেই