ইফতারির দাওয়াতে ডেকে নিয়ে শশুর-শাশুড়িকে কুপিয়ে আহত
শহর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
ইফতারির দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে নিয়ে শশুর-শাশুড়িকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে জামাই বাড়ির লোকজন। পাবনা থানার দ্বীপচর নয়রশির বাধপাড়া এলাকায় এঘটনা ঘটেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, প্রায় দেড় বছর পুর্বে চর আশুতোষপুর প্রামানিক পাড়ার আমজাদ হোসেনের মেয়ে পাপিয়া খাতুনের সাথে দ্বীপচর নয়রশির বাধপাড়ার মহির শেখের ছেলে আশিক শেখের বিয়ে হয়। তাদের দুই মাস বয়সের এক পুত্র সন্তান রয়েছে। আশিক শেখ বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে স্ত্রী পাপিয়া খাতুনকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে দুই পরিবারে পারিবারিক অশান্তি দেখা দেয়।
এরই এক পর্যায় গত ২৭ এপ্রিল আশিক শেখ তার বাড়িতে শশুর আমজাদ হোসেন ও শাশুড়ি চম্পা খাতুনকে ইফতারির দাওয়াত দেন। আমজাদ হোসেন ও চম্পা খাতুন দাওয়াতে সাড়া দিয়ে জামাই বাড়ি যান এবং ইফতারি করেন। ইফতারি শেষে পারিবারিক অশান্তি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় জামাই আশিক শেখ ও বাবা মহির শেখ, মা আমেনা খাতুন, প্রতিবেশী টুটুল মোল্লা ও বিশু শেখসহ একদল লোক শশুর আমজাদ হোসেন ও শাশুড়ি চম্পা খাতুনকে এলোপাথারিভাবে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ সময় হামলাকারীরা নগদ সাড়ে ৫ হাজার টাকা ও আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন কেড়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পাবনা থানার ওসি নাসিম আহমেদ জানান, অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই