Pabna



নূরপুর বাইপাসে ট্রাকচাপায় ৩ কৃষি শ্রমিক নিহত


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সদরের নুরপুর এলাকার বাইপাস সড়কে কাঠবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। আজ রবিববার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ ট্রাকটিকে আটক করেছে। 
নিহতরা হলেন, জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আলী আশরাফের ছেলে শাহীন আলম (৫০), একই উপজেলার আটলংকা গ্রামের ওম্বর আলীর ছেলে আহাম্মদ আলী (৪৮) ও ফৈলজানা গ্রামের কচুগাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৫০)। আহত জফির উদ্দিন (৫৫) বালুদিয়ার গ্রামের হোসেন মন্ডলের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জালাল উদ্দিন বলেন, যশোর থেকে কাঠবোঝাই একটি ট্রাক পাবনা শহরের সিঙ্গা এলাকায় আসছিল। পথিমধ্যে পাবনার নূরপুর এলাকার বাইপাস সড়কে এসে চালক নিয়ন্ত্রণ হারিায়ে ফেললে ট্রাকটি উল্টে যায়। এ সময় কাঠ বোঝাই ট্রাকের নিচে পরে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর চালক ও চালক সহকারী পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছেন।

কোন মন্তব্য নেই