ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে পাবিপ্রবিতে র্যালি
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে বুধবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক র্যালি বের হয়। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আইসিই অ্যাসোসিয়েশন’র উদ্যোগে এই র্যালি বের করা হয় বলে জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধূরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বুধবার বেলা ১১টায় বিজ্ঞান ভবনের সামনে থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে র্যালিটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় বিজ্ঞান ভবনে গিয়ে শেষ হয়। র্যালিতে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. শেখ রাসেল আল আহম্মেদ, ছাত্র উদেষ্টা ও বাংলা বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. ওমর ফারুক, আইসিটি সেলের পরিচালক আনোয়ার হোসেন, বিভাগের সহযোগি অধ্যাপক পল্লব কান্তি পোদ্দার, সহকারী অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জয়নুল আবেদীনসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে বক্তারা বলেন, ডিজটাল বাংলাদেশ গড়ার কারিগর প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সারা বিশ্বে আধুনিক প্রযুক্তিতে অসাধারণ সাফল্য অর্জন করেছে। সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করার জন্য বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই