পাবনা পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনা জেলা পুলিশের মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করে প্রধান অতিথি পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম পড়াশোনার পাশাপাশি খেলা ধুলার গুরুত্বের কথা তুলে ধরেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ বাবুল আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পত্মী ও পাবনা পুনাক সভানেত্রী ফারহানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামিমা আক্তার, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার পত্মী ও পুনাক সভানেত্রী ফারহানা রহমান। পরে তাঁরা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর অতিথির কাছ থেকে অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইয়াদ আহমেদ ও সুরাইয়া আক্তার তন্নী। শুরু হয় মার্চ পাস্ট। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে সামিউল হক সিয়াম। ১নং, ২নং, ৩নং ও ৪নং দলের কন্টিজেন্ট কমান্ডার ছিল যথাক্রমে- সামিউল হাসান রোহান, মিথিলা আলম, অলিউল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম, ৫নং দলের স্কাউট লিডার ছিল রাইসুল ইসলাম নাইচ। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মোঃ জুলফিকার আলী। এতে স্কুলের নার্সারি শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নেয়। এরপর শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।
খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। শিক্ষার্থীদের খেলাধুলা শেষে ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এজন্যও পুরস্কারের ব্যবস্থা ছিল। সবশেষে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।


কোন মন্তব্য নেই