বলরামপুরে মিলাদের খিচুরী খেয়ে এক ছাত্রী নিহত আহত ৩০
নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার বলরামপুর গ্রামের মিলাদের খিচুরী খেয়ে অন্তত এক স্কুল ছাত্রীর মৃত্যু ও ২৫ জন অসুস্থ হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আজ রবিবার দুপুরে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ওই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছাত্রী সুমাইয়া খাতুন সখি শহীদ আহমেদ রফিক উচ্চ বালিকা বিদ্যালয়েল সপ্তম শ্রেণীর ছাত্র ও বলরামপুর গ্রামের সেলিম শেখের মেয়ে।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক রঞ্জন কুমার দত্ত স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার ওই গ্রামের মৃত ঈমান আলীর ছেলে শহিদ উদ্দিন তার বাবার কুলখানী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে লোকজনকে খিচুরী খাওয়ান। খিচুরী খাওয়ার পর একে একে অসুস্থ হতে থাকেন গ্রামবাসী। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও আজ রবিবার সকাল থেকে ওই গ্রামে প্রায় ৩০ জন অসুস্থ হয়ে যায়। পরে অসুস্থদের মধ্যে অন্তত ২৫জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আনার পথে সুমাইয়া খাতুন নামের সপ্তম শ্রেনীর এক শিক্ষার্থী নিহত হয়।
পাবনা জেনারেল হাসপাতালের ডাইরিয়া ওয়ার্ডের চিকিৎসক হাবিবুল ইসলাম বলেন, ডাইরিয়া জনিত রোগেই এরা সবাই অসুস্থ হয়েছে। আর সখি মারাত্মক অসুস্থ হলেও যথা সময়ে চিকিৎসা না পাওয়ার কারনে হাসপাতালে আনার পথে মারা গেছেন।
অসুস্থ অধিকাংশই ডাইরিয়া ও পেটের পীড়া জনিত রোগে আক্রান্ত বলে দাবী করেছেন চিকিৎসকরা। ধারনা করা হচ্ছে ওই মিলাদের খিচুরী খেয়েই এই ধরনের রোগে আক্রান্ত হয়েছেন তারা।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন ঘটার সত্যতা স্বীকার করে বলেন, ওই গ্রামে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামে এরই মধ্যে একটি স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করে অসুস্থদের চিকিৎসা দেওয়া শুরু করেছি। তবে অনেকেই ওই মিলাদে অংশ গ্রহন করে নাই এবং ওই খিচুরীও খায় নাই, তবুও অসুস্থ হয়েছে। এমন লোকজনকেও আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে প্রকৃত ঘটনা কি।
পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, ঘটনাস্থলে জরুরী সেবা নিশ্চিত করার জন্যে একটি এম্বুলেন্স রাখা হয়েছে। পাশাপাশি পাবনা জেনারেল হাসপাতালের ২২ ন চিকিৎসককে সতর্কতার সাথে কাজ করার জন্যে অনুরোধ করা হয়েছে এবং নিহত মেয়েটির পরিবারকে তাৎক্ষনিক ভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। ঘটনাটি মন্ত্রনালয়ে অবহিত করার পরে ঢাকার রোগতত্ত্ব ও নিরাময় কেন্দ্রের একটি বিশেষজ্ঞ টীম পাবনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ইতিমধ্যেই।


কোন মন্তব্য নেই