সুজানগরে ভাতিজার আঘাতে আহত চাচার মৃত্যু
পাবনার সুজানগর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক সংঘর্ষে ভাতিজার হাতে আহত চাচা আবু তালেব মারা গেছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে মারা যান তিনি।
নিহত তালেব উপজেলার দুলাই ইউনিয়নের শান্তিপুর বেতুরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। এ নিয়ে একই সংঘর্ষের ঘটনায় মারা গেলেন আপন দুই ভাই। এর আগে সংঘর্ষের ঘটনার দিন ভাতিজা রিপনের ছুরিকাঘাতে চাচা আবুল কালামের মৃত্যু হয়। সেই সংঘর্ষের আটদিনের মাথায় মারা গেলেন আহত আরেক চাচা আবু তালেব।
দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান, বাড়ির আঙ্গিনায় একটি গাছ নিজেদের সীমানায় দাবি করে দুই ভাই আবুল কালাম ও আবু হানিফ পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে গত ২৬ জুন (বুধবার) দিবাগত রাত নয়টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাতিজা রিপন তার চাচা কালাম হোসেনকে ছুরিকাঘাত করে। এতে কালাম ও তালেবসহ অন্তত ৪ জন আহত হয়। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাচা কালামকে মৃত ঘোষনা করে।
আহত আবু তালেব, জামাল হোসেন ও সাজাই হোসেন চিকিৎসাধীন ছিলেন। গুরুতর অবস্থায় আবু তালেবকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম তালেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ভাতিজা আবু হানিফের ছেলে রিপন হোসেনকে আটক করে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই