Pabna



সুজানগরে শিশু তানিয়া হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের বরখাপুর গ্রামের সেলিম শেখের মেয়ে ও বরখাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ তানিয়া আক্তার (৬) হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ সোমবার (১৪অক্টোবর) দুপুর ১টায় নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে তারা এ মানববন্ধন করে। 

মানববন্ধন শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ধর্ষণের পর নির্মম হত্যাকান্ডের শিকার শিশু তানিয়ার খুনিদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নিহত তানিয়ার পিতা সেলিম শেখ, মাতা মোছাঃ বিনা খাতুন, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, এলাকাবাসীদের মধ্যে কামাল খলিফা, হারুন শেখ, ঝর্ণা খাতুন, পপি রানী দাস, সাত্তার খান, আলাল খলিফা, শামীম, মহিলা ইউপি সদস্য রানু খাতুন ও বরখাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা প্রমুখ।

সুজানগর থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম জানান, নিহত তানিয়ার পিতা বাদি হয়ে গত রবিবার (১৩ অক্টোবর) রাতে মামলা দায়ের করার পরপরই এ ঘটনায় জড়িত সন্দেহে নাজিরগঞ্জ ইউনিয়নের বরখাপুর এলাকার হায়দার কাজীর ছেলে আরজু কাজী(২৭), রিয়াজ উদ্দিনের ছেলে বাবু (২৫) ও রব্বানী বিশ্বাসের ছেলে আক্কাজ বিশ্বাস আকাই (৩০) সহ তিন জনকে গ্রেফতার করে সোমবার (১৪ অক্টোবর) সকালে পাবনা কোর্টে প্রেরণ করা হয়েছে।

পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশু তানিয়াকে ধর্ষণের পর তাকে হত্যা করে শরীরের সঙ্গে ইট বেধে পানির নিচে ডুবিয়ে রাখা হয়েছিল। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে নিজ বাড়ীর সামনে থেকে নিখোঁজ হন তানিয়া। পরে গত রোববার দুপুরের দিকে স্থানীয় এলাকার সেকেন শেখ এর বাড়ির পিছনের পরিত্যক্ত একটি পুকুর থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

কোন মন্তব্য নেই