Pabna



বেড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার একটি বাসায় আজ বৃহস্পতিবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন- বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার আবু শেখ (৭০), তাঁর দুই ছেলে যথাক্রমে কালাম শেখ (৪৫) ও কালু শেখ (৪০), প্রতিবেশী আলহাজ শেখ (৩০) এবং গ্যাস বিক্রেতা জাহাঙ্গীর আলম (৩৫)। 
দুর্ঘটনাকবলিত বাড়ির লোকজন জানান, শেখপাড়া মহল্লার আবু শেখের বাড়িতে গ্যাস সিল্ডিারের গ্যাস শেষ হয়ে যাওয়ায় আজ (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে গ্যাস বিক্রেতা জাহাঙ্গীর আলম গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে ওই বাড়িতে যান। জাহাঙ্গীর আলম নিজেই শেষ হয়ে যাওয়া সিল্ডিারটি পাল্টিয়ে ভরা সিলিন্ডার লাগাতে গেলে তাতে আগুন ধরে যায়। এ সময় বাড়ির লোকজন আগুন নেভাতে গেলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে সেখানে থাকা পাঁচজন দগ্ধ হন। তাঁদেরকে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বিস্ফোরণের সংবাদ পেয়ে বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিবিয়ে ফেলেন। 
আগুন নেভাতে যাওয়া বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান মহিদুল ইসলাম বলেন, ‘গ্যাসভর্তি সিলিন্ডারটি লাগানোর সময় দুর্ঘটনাবশত সেখানে আগুন লেগে যায়। আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাই। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে আমরা খবর পেয়েছি।’
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরদার মো. মিলন মাহমুদ বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তবে তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের শরীরের ৪০ শতাংশের বেশি পুড়ে গেছে। এ জন্য প্রাথমিক চিকিৎসা দিয়ে সরকারি অ্যাম্বুলেন্সে তাঁদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এ ছাড়া বাকি কয়েকজনকে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।’ 
#

কোন মন্তব্য নেই