Pabna



কৈটলায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১, আহত ২০

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার বেড়া উপজেলায় মাছখালি গ্রামে জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। নিহত আয়নুল হক (৩০) উপজেলার কৈটোলা ইউনিয়নের মাছখালি গ্রামের আশকার প্রামানিকের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।
বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার বেড়া উপজেলা কৈটোলা ইউনিয়নের মাছখালি গ্রামের হাবিবর প্রমানিকের ছেলে রওশন আলী ও একই গ্রামের নওশের শেখের ছেলে ওসমান গনির মধ্যে একটি জলাশয়ে জাল দিয়ে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে এরই জের ধরে আজ বৃহস্পতিবার সকালে হাবিবর প্রামানিক গ্রুপের লোকজন লাঠিসোটা নিয়ে নওশের শেখ গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় উভয়পক্ষ লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েক জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়। তাদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় আয়নুল হককে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। 
এ বিষয়ে বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ আরো জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত। উভয় গ্রুপের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। তবে ৫ জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় দুই পক্ষই মামলা করবেন বলে জানতে পেরেছি, কেউই লিখিত দেয়নি থানায়। 

কোন মন্তব্য নেই