চাঁদভা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়ম ও সমন্বয়হীনতার অভিযোগ
আটঘরিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামালের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়ম, সমন্বয়হীনতা ও অগ্রাধিকার তালিকা প্রস্তুতে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন খোদ দলের নেতারা। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতিসহ ৭ জন নেতা।
লিখিত অভিযোগে জানা গেছে, সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে রয়েছে, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, রাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে মানবিক সহায়তা কমিটি গঠন করতে হবে। কিন্তু চাঁদভা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম কামাল কাউকে না জানিয়ে কাগজে কলমে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করে রেখেছেন। যা ওই ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতিসহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতাদের অনেকেই জানেন না। কারো সাথে সমন্বয় না করে নিজের ইচ্ছামতো পছন্দের লোকদের দিয়ে নামের তালিকা প্রনয়ণ করে ত্রাণ দিচ্ছেন।
অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দলমত নির্বিশেষে ত্রাণ পাওয়ার কথা থাকলেও চাঁদভা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম কামালের স্বেচ্ছাচারিতার কারণে তা হচ্ছে না। তিনি শুধু তার নির্বাচন করেছেন এমন লোক বাছাই করে তাদের ত্রাণ দিচ্ছেন। এ কারণে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ বিতরণ হচ্ছে না। সরকারি ত্রাণ বিতরণ প্রশ্নবিদ্ধ হচ্ছে। ফলে দু:স্থ অসহায় মানুষদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যানের এই অনিয়ম, সমন্বয়হীনতা ও অগ্রাধিকার তালিকা প্রস্তুতে স্বেচ্ছাচারিতার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে দাবি জানিয়েছেন আওয়ামীলীগের নেতারা।
অভিযোগকারীদের মধ্যে চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম ও দুই নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন শেখ বলেন, আমাদের না জানিয়ে চেয়ারম্যান অনিয়মতান্ত্রিকভাবে গোপনে তার পছন্দের কিছু লোক নিয়ে মানবিক সহায়তা কমিটি কাগজে কলমে করে কাজ করছেন। আমরা সঠিক তদন্ত চাই। সেইসাথে যে প্রক্রিয়ায় কমিটি গঠন করে স্বচ্ছতার সাথে ত্রাণ বিতরণ করার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন সেভাবে কমিটি গঠন করার দাবি জানাই।
উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বিভিন্ন ইউনিয়নে বেশকিছু নামের তালিকা দিয়েছিলাম। কিন্তু তিনটা ইউনিয়নের চেয়ারম্যানগণ আমার নামের তালিকা নেননি। তার মধ্যে চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ১৭ জনের নামের একটি তালিকা দিয়েছিলাম। কিন্তু তিনি গ্রহণ করেননি। তার মধ্যে সমন্বয়হীনতার অভাব রয়েছে।
অভিযোগের বিষয়ে চাঁদভা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল বলেন, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম করা হয়নি। ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে মানবিক সহায়তা কমিটি গঠন করা হয়েছে। সেখানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। দু’একটি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারী শুরু থেকে আমাকে অসহযোগিতা করে আসছে। তাদের এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে হেয় করতে একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফুয়ারা খাতুন জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তা রোকসানা আক্তারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাবার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


কোন মন্তব্য নেই