চাটমোহরে বিএনপির প্রার্থীর বাড়িতে হামলা ভাংচুর ককটেল বিস্ফোরন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ পাবনা-৩ আসনের চাটমোহর উপজেলা উত্তপ্ত হয়ে উঠছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা যুবলীগের একটি মিছিল নিয়ে পাবনা-৩ আসনের বিএনপি’র প্রার্থী কেএম আনোয়ারুল ইসলামের পৌর সদরের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে বলে বিএনপি’র পক্ষ থেকে দাবী করা হয়েছে। এ ঘটনায় অন্তত: দশ জন আহত হয়েছে।
ঘটনার বিষয়ে চাটমোহর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাসাদুল ইসলাম হীরা বলেন, এসব হামলার ঘটনা কারা ঘটাচ্ছে কি জন্য ঘটাচ্ছে তা সবার কাছে স্পষ্ট। বিএনপি’র জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষরা হতাশ হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। বিএনপি শান্তি প্রিয় দল, আমরা তাদের এসকল উস্কানীতে পা দিবো না। শান্তিপূর্ণ ভোট গ্রহনের পরিবেশ নষ্ট করাই এসকল সন্ত্রাসীদের প্রধান কাজ। একই সাথে আওয়ামীলীগের লোকজন গুনাইগাছাতেও অপর একটি নির্বাচনী অফিস ভাংচুর করেছে তারা।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. সাইদুল ইসলাম বলেন, আমরা নৌকার মিছিল নিয়ে পৌর সদর হয়ে জিরো পয়েন্ট এলাকার দিকে যাচ্ছিলাম। এ সময় পৌর সদরের বিএনপি’র প্রার্থী আনোয়ারুল ইসলামের বাসার সামনে গেলে সেখানে আমাদের উপর ককটেল নিক্ষেপ হয়। ককটেল বিস্ফোরন হলে আমাদের নেতা কর্মীরা এদিক ওদিক ছুটে ছত্রভঙ্গ হয়ে চলে যায়। আনোয়ার সাহেবের বাড়িতে হামলার ঘটনা একটি সম্পূর্ণ সাজানো নাটক বলে তিনি দাবী করেন।
ঘটনার বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসীর উদ্দিন বলেন, ঘটনার প্রথমে যুবলীগের মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটে। পরে বিএনপি’র প্রার্থীর বাড়িতে নির্বাচনী অফিস কিছু নেতা কর্মী ভাংচুর করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। উপজেলা যুবলীগের পক্ষ থেকে মিছিলে ককটেল হামলার অভিযোগে মামলা করবে বলেও তিনি জানান।
এ বিষয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এ এম ফজল এ খুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। যুবলীগের মিছিরটি আবারো সেখানে এলে তাদের বুঝিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই