যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা- বিএনপি নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার আটঘরিয়া উপজেলার আতাইকুলায় যুবলীগ নেতা হাফিজুর রহমান হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত হাফিজুরের ভাই মনিরুল ইসলাম বাদি হয়ে রোববার নামীয় ১৬ জনকে আসামী করে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর রাতে পাবনা শহরে অভিযান চালিয়ে মামলার ৮ নম্বর আসামী রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রবিউল আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক। তিনি আটঘরিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
উল্লেখ্য, শনিবার রাতে আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুর রহমানকে রঘুরামপুর বাজার এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
রঘুরামপুর গ্রামের একটি জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে বিরোদের জেরে প্রতিপক্ষের লোকজন হাফিজুর রহমানকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কোন মন্তব্য নেই